
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় নিহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন।
বুধবার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ আরসিএমপি। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিবিসির তথ্য উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, স্কুল ভবনের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। হামলার সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করা একটি বাড়ি থেকে আরও দুজনের লাশ উদ্ধার করা হয়।
আরসিএমপি এক বিবৃতিতে জানায়, ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে ‘অ্যাকটিভ শুটার’ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ঘটনাস্থলে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে, যাকে হামলাকারী বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে আত্মঘাতী আঘাতের চিহ্ন ছিল বলেও উল্লেখ করেছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, গুরুতর আহত দুজনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি প্রায় ২৫ জনকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে, যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের আঘাত তুলনামূলকভাবে গুরুতর নয়।
হামলার পরপরই স্কুলের শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের জন্য স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।