
ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে তীব্র সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। এমন পদক্ষেপকে সরাসরি ‘আগুন নিয়ে খেলা’ বলে আখ্যা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া-কে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
ল্যাভরভ বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা অত্যন্ত বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে এবং এর ফলে বড় ধরনের পারমাণবিক দুর্ঘটনার আশঙ্কা তৈরি হবে। তার ভাষায়, এটি হবে ‘আগুন নিয়ে খেলা’। সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনার একদিন পরই এই সতর্কবার্তা আসে।
ল্যাভরভ উল্লেখ করেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা ইরানের বিভিন্ন স্থাপনায় অতীতেও হামলার ঘটনা ঘটেছে, যা গভীর উদ্বেগের বিষয়। রাশিয়ার শীর্ষ এই কূটনীতিকের মতে, পুরো পরিস্থিতি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এবং তা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।
সাক্ষাৎকারে তিনি সামরিক উত্তেজনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও জ্বালানি নীতিরও সমালোচনা করেন। ল্যাভরভ অভিযোগ করেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন হঠাৎ করেই রুশ জ্বালানি প্রতিষ্ঠান লুকোইল এবং রসনেফট-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তার দাবি, ভারতকে রুশ তেল আমদানি বন্ধে চাপ দেওয়া এবং ভেনেজুয়েলার জ্বালানি খাতে রাশিয়া, চীন ও ইরানকে নিষিদ্ধ করার মতো পদক্ষেপের মাধ্যমে বৈশ্বিক জ্বালানি বাজার থেকে রাশিয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন।
ল্যাভরভ বলেন, একদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেন সংকটের সমাধান হলে পারস্পরিক সহযোগিতার কথা বলছে, অন্যদিকে ধারাবাহিক নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত করছে। তার মতে, ওয়াশিংটনের এই দ্বিমুখী অবস্থান এবং ইরানবিষয়ক আক্রমণাত্মক নীতি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি