
কুয়েতে একাধিক মার্কিন সামরিক বিমান সোমবার (২ মার্চ) সকালে বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনা নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র জানান, দুর্ঘটনায় জড়িত সব ক্রু সদস্য জীবিত আছেন। তিনি বলেন, "সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। আহত ক্রুদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল।"
ঘটনার প্রেক্ষাপটে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় মিত্র মার্কিন বাহিনীর সঙ্গে সরাসরি সমন্বয় করেছে এবং যৌথ কারিগরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মুখপাত্র আরও জানান, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান চলছে। তিনি জনগণকে শুধুমাত্র সরকারি সূত্র থেকে তথ্য গ্রহণের আহ্বান জানান।