
চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি সোমবার (২ মার্চ) এ স্পষ্ট ঘোষণা দিয়েছেন।
এক্স হ্যান্ডলে আরবিতে প্রকাশিত একটি পোস্টে লারিজানি বলেন, "আমরা আমেরিকার সঙ্গে আলোচনা করব না।"
এর আগে ট্রাম্প রোববার স্থানীয় সময় মার্কিন গণমাধ্যম আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন যে, ইরান চলমান সংঘাত সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চায়। তিনি আরও জানান, এ বৈঠকে তিনি নিজেও প্রস্তুত।
ট্রাম্প বলেন, "তারা আমাদের সঙ্গে আলোচনায় বসতে চায়, আর আমিও রাজি হয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলব।" তিনি আরও মন্তব্য করেন, "তাদের আরও আগেই এটা করা উচিৎ ছিল।"
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা নিহত হন। এ ঘটনার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। উত্তেজনার কারণে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশও তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
খামেনির মৃত্যুর পর ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী পরিষদ গঠন করেছে।