
শ্রীলঙ্কার উপকূলের কাছে এক ইরানি জাহাজে সাবমেরিন থেকে হামলার ঘটনায় অন্তত ৭৮ নাবিক আহত হয়েছেন এবং ১০১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।
বুধবার (৪ মার্চ) রয়টার্স-কে এ তথ্য নিশ্চিত করেছে শ্রীলঙ্কা নৌবাহিনী ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে হামলার প্রকৃতি ও বিস্তারিত সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে একই দিন নিজেদের আঞ্চলিক জলসীমার ঠিক বাইরে ডুবতে থাকা ইরানি ফ্রিগেট ‘আইরিস ডেনা’ থেকে ৩০ জন নাবিককে উদ্ধারের কথা জানান শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ খবর প্রকাশ করে। সে সময় জাহাজটির বিপদের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। সাবমেরিন হামলার শিকার জাহাজ এবং ডুবতে থাকা ‘আইরিস ডেনা’ একই কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
পার্লামেন্টে দেওয়া বক্তব্যে হেরাথ জানান, আহত নাবিকদের দ্বীপদেশটির দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৮০ জন ক্রু-সদস্য বহনকারী ফ্রিগেটটি ভোরের দিকে বিপৎসংকেত পাঠায় বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, উদ্ধার অভিযানে শ্রীলঙ্কা নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি বিমান অংশ নেয়। তবে ইরানি যুদ্ধজাহাজটি কী কারণে ডুবছিল, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
পার্লামেন্টে এক বিরোধী আইনপ্রণেতা প্রশ্ন তোলেন, চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলার অংশ হিসেবে জাহাজটিতে বোমা হামলা হয়েছিল কি না। তবে এ বিষয়ে শ্রীলঙ্কা সরকার তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র বুদ্ধিকা সম্পাথ বলেন, তাদের অভিযান দেশের সামুদ্রিক দায়বদ্ধতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। তিনি এএফপি-কে বলেন, ‘ভারত মহাসাগরে আমাদের অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলের মধ্যে হওয়ায় আন্তর্জাতিক বাধ্যবাধকতার আওতায় আমরা বিপৎসংকেতে সাড়া দিয়েছি।’