
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নতুন মাত্রা যোগ করল ইরানের সুন্নি ধর্মীয় নেতৃত্ব। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের একদল প্রভাবশালী আলেম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণার পাশাপাশি যুদ্ধের ক্ষেত্রে রাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানিয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পার্স টুডে।
প্রতিবেদন অনুযায়ী, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ-এর সুন্নি মুসলিম সমাজের ৬৬০ জন আলেম একটি যৌথ বিবৃতি দিয়েছেন। সেখানে তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র শাহাদাতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
বিবৃতিতে ধর্মীয় নেতারা বলেন, "সর্বোচ্চ নেতা তার সুদীর্ঘ জীবনে হক প্রতিষ্ঠা, ইসলামের জন্য লড়াই, বিশ্বের মজলুমদের প্রতি সমর্থন জানিয়ে অবশেষে শহীদী মর্যাদার সঙ্গে আল্লাহর দিদারে চলে গেছেন।"
তারা আরও বলেন, "নিঃসন্দেহে আজ সময় এসেছে ইসরায়েল-মার্কিন আগ্রাসন মোকাবিলা করা সব আলেম-ওলামা, চিন্তাবিদ এবং সারা বিশ্বের বিশেষ করে স্বাধীনতাকামী মুসলমানদের ঐতিহাসিক ও ধর্মীয় দায়িত্ব হয়ে পড়েছে। কারণ, এই হামলা কোনো একটি জাতি কিংবা ভূখণ্ডের বিরুদ্ধে নয় বরং ইসলাম-মুসলমানদের ঈমান ও সমগ্র মুসলিম উম্মাহর বিরুদ্ধে হামলা।"