
মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নিজের আকাশপথ বা ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছে ইরান। খবর বার্তাসংস্থা এএফপি’র।
সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতি এ বিষয়ে সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা সৌদি আরবের কাছ থেকে বারবার যা শুনেছি—যে তারা তাদের আকাশপথ, জলসীমা বা ভূখণ্ড ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না—তার প্রশংসা করি।’
সংঘাত শুরুর আগেই রিয়াদ তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছিল। একই সঙ্গে সৌদি সরকার স্পষ্ট করে দেয় যে, ইরানের বিরুদ্ধে কোনো হামলায় তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।
এদিকে চলতি সপ্তাহে রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলার জন্য সৌদি কর্মকর্তারা ইরানকে দায়ী করার পর সেই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেন রাষ্ট্রদূত এনায়াতি। এর আগে সৌদি আরব তাদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জন্য একাধিকবার তেহরানকে অভিযুক্ত করেছে এবং সতর্ক করে বলেছে, প্রয়োজনে পাল্টা আঘাতসহ নিজেদের রক্ষার অধিকার তাদের রয়েছে।
মধ্যপ্রাচ্যের অন্যতম বড় তেল শোধনাগার রাস তানুবায় হামলার অভিযোগও আগে অস্বীকার করেছিল ইরান। রিয়াদ দাবি করেছিল, ওই স্থাপনায় তেহরান দুই দফা ড্রোন হামলা চালিয়েছে।
রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার পর সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় ইরানের সম্পৃক্ততার অভিযোগও নাকচ করেন এনায়াতি। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলায় ইরানের কোনো ভূমিকা নেই।’
এএফপি-কে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, ‘তেহরানের অপারেশন কমান্ড যদি কোথাও হামলা চালায়, তবে তারা এর দায় স্বীকার করে নেয়।’