
ইরানের সাম্প্রতিক পাল্টা হামলার পর ইসরায়েলে হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করা হচ্ছে বলে দাবি করেছেন ভারতীয় সাংবাদিক ব্রজ মোহন সিং। ইসরায়েল সফর শেষে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সরকার যেসব জায়গাকে নিরাপদ বলে উল্লেখ করেছে, সেখানেও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সংবাদমাধ্যম দ্য কারেন্ট–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্রজ মোহন সিং বলেন, অনেক সময় ইরানের ক্ষেপণাস্ত্র সাইরেন বাজার আগেই আঘাত হানে। ফলে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ধরা বাঙ্কারের ভেতরেও বহু ইসরায়েলি নিহত হয়েছেন।
তিনি অভিযোগ করেন, ইসরায়েল সরকার অনেক তথ্য গোপন রাখছে। যেখানে মরদেহ রাখা হয়েছে, সেই হাসপাতালগুলোতেও সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয় না। কোনো হামলা কোথায় ঘটেছে, অনেক ক্ষেত্রেই সেটি জানতে দেওয়া হয় না বলেও দাবি করেন তিনি।
সাংবাদিক সিংয়ের আরও অভিযোগ, ইরানের হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞের ছবি ধারণ করতেও বাধা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ এবং গণমাধ্যমের কভারেজ সীমিত করা হয়েছে।
তবে এসব দাবির বিষয়ে ইসরায়েল সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি এবং হতাহতদের বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। ‘অপারেশন এপিক ফিউরি’ নামের ওই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করা হয়। অভিযানের লক্ষ্য ছিল ইরানের সামরিক অবকাঠামো ও নেতৃত্বকে দুর্বল করা।
এর জবাবে ইসরায়েলের বিভিন্ন এলাকা এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।
আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন হাজারো মানুষ। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় কয়েকটি দেশে বেসামরিক নাগরিক ও সামরিক সদস্য নিহত হয়েছেন।
এ সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতেও নৌ চলাচল ব্যাহত হয়েছে। ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, প্রণালীটি খোলা থাকবে, তবে মার্কিন ও ইসরায়েলি জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।
এ পরিস্থিতির প্রভাব পড়েছে পাকিস্তানেও। বৈশ্বিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় দেশটির সরকার প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম ৫৫ রুপি বাড়িয়েছে। নতুন দামে পেট্রোলের মূল্য দাঁড়িয়েছে ৩২১ দশমিক ১৭ রুপি এবং ডিজেলের দাম হয়েছে ৩৩৫ দশমিক ৮৬ রুপি।