
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আবারও হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বুধবার (১১ মার্চ) আইআরজিসির পরিচালিত সিপাহ নিউজ এই তথ্য প্রকাশ করেছে।
সিপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, বাহরাইনের পঞ্চম নৌবহরের প্রধান কেন্দ্র মিনা সালমান বন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আঘাত হেনেছে।
একই সময়ে কুয়েতের ক্যাম্প প্যাট্রিয়ট ঘাঁটিতেও হামলার দাবি করা হয়েছে। এতে মোহাম্মদ আল-আহমদ ও আলী আল-সালেম নৌঘাঁটিতে মার্কিন সেনাদের সরঞ্জাম হ্যাঙ্গার, আবাসন এবং সমাবেশ কেন্দ্রগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
আইআরজিসি আরও জানিয়েছে, কুয়েতের ক্যাম্প বুহরিং ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে।
এর পাশাপাশি, বুধবার ইরানের সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে। এ হামলায় বিমানবন্দরের কাছে দুটি ড্রোন আঘাত হেনেছে এবং এতে অন্তত চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন বাংলাদেশি প্রবাসীও রয়েছেন।
এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, বিমানবন্দর থেকে খুব কাছাকাছি এলাকায় দুটি ড্রোন আঘাত হেনেছে। তবে হামলার পরও বিমানবন্দরের বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
সূত্র: এএফপি।