
পশ্চিম ইরাকে বিধ্বস্ত হওয়া যুক্তরাষ্ট্রের সামরিক জ্বালানি সরবরাহকারী বিমানের ছয়জন ক্রু সদস্যের কেউই বেঁচে নেই বলে নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
শুক্রবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, বৃহস্পতিবার বিধ্বস্ত হওয়া কেসি-১৩৫ (KC-135) রিফুয়েলিং বিমানে থাকা সব ক্রু সদস্য নিহত হয়েছেন। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে সংস্থাটি লিখেছে, ‘পশ্চিম ইরাকে বিধ্বস্ত হওয়া যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ (KC-135) জ্বালানি সরবরাহকারী বিমানের ছয় ক্রু সদস্যের সবার মৃত্যু এখন নিশ্চিত করা হলো।’
এর আগে সামরিক কর্তৃপক্ষ চারজন ক্রুর মৃত্যুর খবর নিশ্চিত করেছিল। নিখোঁজ থাকা বাকি দুই সদস্যকে উদ্ধারে অভিযান চালানো হলেও শেষ পর্যন্ত তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনাটির পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে গভীর শোক প্রকাশ করেন। যুদ্ধের নির্মম বাস্তবতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘যুদ্ধ মানেই নরক। যুদ্ধ মানেই বিশৃঙ্খলা।’ একইসঙ্গে তিনি যোগ করেন, ‘আমরা গতকাল আমাদের কেসি-১৩৫ ট্যাঙ্কারের মর্মান্তিক বিধ্বস্তের ঘটনায় দেখেছি..., খারাপ জিনিস ঘটতে পারে।’
নিহত সেনাদের স্মরণ করে তিনি বলেন, ‘তারা সবাই আমেরিকান হিরো এবং আমি যেমনটা করি, আমরা সবাই ডোভারে সেই হিরোদের স্বাগত জানাব এবং তাদের আত্মত্যাগ আমাদের এই মিশনের সংকল্পে আরও দৃঢ় করবে।’
সেন্টকমের তথ্য অনুযায়ী, কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কারটি মাঝ আকাশে অন্য একটি বিমানের সঙ্গে সংঘর্ষের পর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পশ্চিম ইরাকে ভেঙে পড়ে। সংঘর্ষে জড়িত অন্য বিমানটি পরে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটির লেজের কিছু অংশ নিখোঁজ ছিল বলে জানা গেছে।
ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সেন্টকম। এর আগে এক পোস্টে তারা জানিয়েছিল, দুর্ঘটনার পেছনে ‘শত্রুপক্ষ বা বন্ধুত্বপূর্ণ কোনো পক্ষের গুলিবর্ষণের ঘটনা ছিল না।’
এদিকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ‘দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ দাবি করেছে, তারাই বিমানটি ভূপাতিত করেছে। তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ উপস্থাপন করেনি গোষ্ঠীটি।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার এক্স-এ এক পোস্টে জানান, দুর্ঘটনায় আরেকটি বিমান জড়িত ছিল, তবে সেটি নিরাপদে ইসরায়েলে অবতরণ করতে সক্ষম হয়েছে।
মার্কিন সামরিক বাহিনী নিহত সদস্যদের নাম আপাতত প্রকাশ করেনি। নিয়ম অনুযায়ী, নিকটাত্মীয়দের অবহিত করার ২৪ ঘণ্টা পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।