পাকিস্তানের সামরিক বাহিনীর হামলার জবাবে আফগানিস্তানের সেনারা ইসলামাবাদের একটি কৌশলগত স্থাপনায় আক্রমণ চালিয়েছে। আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানে পাকিস্তানের ১৪ জন সেনা নিহত হয়েছেন এবং আরও ১১ জন আহত হয়েছেন।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শুক্রবার বিকেল ৫টার দিকে ইসলামাবাদের ফয়জাবাদ এলাকায় পাকিস্তানের প্রধান সামরিক স্থাপনা হামজায় লক্ষ্যবস্তু করে অভিযান পরিচালনা করা হয়। আফগান বাহিনী এই অভিযানের নাম দিয়েছে রাদ-উল-জুলম।
সামরিক বিশেষজ্ঞ সাদিক শিনওয়ারি বলেন, "আফগান প্রতিরক্ষা বাহিনীর প্রতিশোধমূলক এই অভিযানের মাধ্যমে এটি স্পষ্ট যে কাবুল পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা এবং দেশটির সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করার ক্ষমতা রাখে।"
পাকিস্তান এই হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
অন্যদিকে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের পাকতিকা এবং কুনার প্রদেশে হামলা অব্যাহত রেখেছে। কুনারের তথ্য ও কালচার মন্ত্রণালয়ের প্রধান জিয়াউররহমান স্পিংঘার বলেছেন, "গত ৪৮ ঘণ্টায় পাকিস্তানের সামরিক বাহিনী কুনারের বিভিন্ন জেলায় ২৭১টির বেশি রকেট ছুড়েছে।"
সূত্র: টোলো নিউজ