
ইরানের গুরুত্বপূর্ণ শিল্পনগরী ইসফাহানে গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় একটি কারখানায় কর্মরত শ্রমিকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
শনিবার (১৪ মার্চ) ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, রাতে ইসফাহানের একটি শিল্প এলাকায় অবস্থিত হিটিং ও কুলিং সরঞ্জাম উৎপাদনকারী একটি কারখানায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার সময় কারখানার ভেতরে থাকা কয়েকজন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।
আল জাজিরা যাচাই করা ভিডিও ও ছবিতে দেখা গেছে, ভোরের আলো ফোটার সময় ইসফাহান শহরের আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠছে। একটি ভিডিওতে খুব নিচু উচ্চতায় যুদ্ধবিমান উড়তে দেখা যায়।
বর্তমান সংঘাতের মধ্যে ইরানের যেসব শহরে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা চালাচ্ছে, ইসফাহান সেগুলোর অন্যতম। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাজধানী তেহরানসহ দেশজুড়ে ২০০টির বেশি শহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
ইসফাহান ইরানের অন্যতম জনবহুল শহর এবং এখানে বহু শিল্পকারখানা ও সামরিক স্থাপনা রয়েছে। এ কারণে অন্যান্য শহরের মতো এখানকার শিল্প প্রতিষ্ঠান ও সামরিক অবকাঠামোও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এদিকে চলমান সংঘাত ইতোমধ্যে তৃতীয় সপ্তাহে পৌঁছেছে। এই সময়ের মধ্যে ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৪ জনে।