
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের ১৭তম দিনে সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে। যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে গড়ালেও ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে তাদের সামনে অন্তত আরও তিন সপ্তাহের প্রস্তুতি রয়েছে।
সোমবার (১৬ মার্চ) লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।
রোববার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, ‘আমাদের সামনে হাজারো লক্ষ্যবস্তু আছে।’
তিনি আরও জানান, ‘আগামী অন্তত তিন সপ্তাহ বা ইহুদিদের পাসওভার ছুটির সময়কাল পর্যন্ত আমরা আমাদের মার্কিন মিত্রদের সঙ্গে সমন্বিত পরিকল্পনা তৈরি করে করেছি এবং সে অনুযায়ী প্রস্তুত আছি’।
ডেফরিনের ভাষ্য অনুযায়ী, সেনাবাহিনী কোনো নির্দিষ্ট সময়সূচি মেনে অভিযান চালাচ্ছে না। তিনি বলেন, বাহিনী ‘কোনো স্টপওয়াচ দেখে বা সুনির্দিষ্ট সময়সীমা অনুযায়ী কাজ করছে না। বরং তারা আমাদের বেঁধে দেওয়া লক্ষ্য পূরণে কাজ করছে।’
তার মতে, এই অভিযানের প্রধান উদ্দেশ্য হচ্ছে ‘ইরানের শাসনব্যবস্থাকে বড় আকারে দুর্বল করে তোলা’।
ডেফরিন আরও জানান, গত বছরের জুনে হওয়া ১২ দিনের যুদ্ধে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সরাসরি অংশ নেয়নি। তবে এবারের সংঘাতে তারা ইরানের পক্ষে অবস্থান নিয়ে সক্রিয় হয়েছে।
তিনি বলেন, ‘জুনে তারা বুঝতে পেরেছিল যে এটি ইরানের বিরুদ্ধে সীমিত আকারের সামরিক অভিযান। তাই তারা (হিজবুল্লাহ) হামলা চালায়নি। কিন্তু এবার সর্বাত্মক লড়াই শুরু হওয়ার পর তারাও এতে যোগ দিয়েছে।’
ইরানের বিরুদ্ধে চলমান ১৫ দিনের সামরিক অভিযানে ইতোমধ্যে এক হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। যুদ্ধের শুরুর দিকেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য।
এর জবাবে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান।
এছাড়া জর্ডন, ইরাক, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি বা সেনা উপস্থিতি রয়েছে, সেগুলোতেও হামলা চালাচ্ছে তেহরান।
এদিকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করায় লেবাননের হিজবুল্লাহও সংঘাতে জড়িয়ে পড়েছে, যার ফলে বৈরুত কার্যত এই যুদ্ধের অংশ হয়ে গেছে।
ইসরায়েলের পাল্টা হামলায় ২ মার্চ থেকে এখন পর্যন্ত প্রায় ৮০০ জন নিহত এবং দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।