
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনী দাবি করেছে, তারা মার্কিন সেনাবাহিনীর আল ধাফরা বিমানঘাঁটির প্রধান গোলাবারুদ সংরক্ষণাগারে সফল হামলা চালিয়েছে।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার এই হামলার ঘটনা ঘটে। প্রতিশোধমূলক ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর চলমান কার্যক্রম নিয়ে দেওয়া ৪১তম বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইআরজিসি।
বিবৃতিতে বলা হয়েছে, সকালে আইআরজিসি নৌবাহিনী একটি নিখুঁত ও ধ্বংসাত্মক অভিযান পরিচালনা করেছে, যা সরাসরি মার্কিন সন্ত্রাসী বাহিনীর আল ধাফরা বিমানঘাঁটির কেন্দ্রীয় গোলাবারুদ ডিপোতে আঘাত হানে।
আইআরজিসির দাবি অনুযায়ী, হামলার পর ঘাঁটিটিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং পুরো এলাকা কেঁপে ওঠে। পরিস্থিতির তীব্রতা দেখে সেখানে জরুরি উচ্ছেদের নির্দেশ দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। একই সঙ্গে মার্কিন বাহিনী তাদের যুদ্ধবিমানগুলো আল ধাফরা ঘাঁটি থেকে সরিয়ে নিয়ে অভ্যন্তরীণ অন্যান্য নিরাপদ ঘাঁটিতে স্থানান্তর করেছে বলেও দাবি করেছে আইআরজিসি।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিককে হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জান্তা ইরানের বিরুদ্ধে উস্কানিহীন ও বড় ধরনের সামরিক অভিযান শুরু করে।
ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়, যাতে বহু মানুষের প্রাণহানি ঘটে এবং অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়। এর প্রতিক্রিয়ায় ইরানি সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে অধিকৃত অঞ্চল (ইসরায়েল) এবং অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা অভিযান চালিয়ে যাচ্ছে।