
মধ্যপ্রাচ্যে সংঘাত যখন তীব্র থেকে তীব্রতর, ঠিক সেই সময়েই আড়ালে জোরদার হয়েছে কূটনৈতিক উদ্যোগ। চলমান রক্তক্ষয়ী পরিস্থিতি প্রশমনে যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে বলে জানা গেছে।
প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম The New York Times–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাবটি পাকিস্তান–এর মাধ্যমে তেহরানে পৌঁছে দেওয়া হয়েছে।
কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এই কাঠামোতে ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী–এর সামুদ্রিক নিরাপত্তা বিশেষ গুরুত্ব পেয়েছে। এর মাধ্যমে ওয়াশিংটন তেহরানকে একটি নির্দিষ্ট নীতিগত সীমারেখার মধ্যে আনতে চাচ্ছে।
এই প্রক্রিয়ায় দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান–এর ভূমিকা এখন আলোচনার কেন্দ্রে। বিশেষ করে দেশটির সেনাপ্রধান সৈয়দ আসিম মুনির এই উদ্যোগে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। ইসলামাবাদ ইঙ্গিত দিয়েছে, উভয় পক্ষ সম্মত হলে সরাসরি আলোচনার ব্যবস্থাও করতে প্রস্তুত তারা।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরানের সঙ্গে তার 'খুব ভালো ও ফলপ্রসূ' আলোচনা হয়েছে। এর প্রেক্ষিতে তিনি ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন।
তবে তেহরান এই দাবি নাকচ করে জানিয়েছে, তৃতীয় কোনো দেশের মাধ্যমে বার্তা আদান-প্রদান হলেও ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো সংলাপে তারা অংশ নেয়নি।