
ইসরায়েলের হামলায় জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হওয়ার পর দ্রুতই তার উত্তরসূরি নিয়োগ দিয়েছে ইরান। নতুন করে এ দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ সামরিক ও প্রশাসনিক ব্যক্তিত্ব মোহাম্মদ বাঘের জোলঘাদর।
দীর্ঘ কর্মজীবনে বাঘের জোলঘাদর সামরিক, বেসামরিক ও বিচারিক বিভিন্ন প্রতিষ্ঠানে শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।
তার উত্থান ঘটে ইরান-ইরাক যুদ্ধ চলাকালে, যখন তিনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর একটি ডিভিশনের নেতৃত্ব দেন। ওই সময়ে তাকে ইরাকের কুর্দিসহ সীমান্তবর্তী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্বও দেওয়া হয়েছিল। পরবর্তীতে তিনি কয়েক বছর আইআরজিসির সেকেন্ড-ইন-কমান্ড হিসেবেও দায়িত্ব পালন করেন।
সম্প্রতি তিনি এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের দায়িত্বে ছিলেন—যে সংস্থা দেশটির সর্বোচ্চ নেতাকে পরামর্শ দেয় এবং পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে সমন্বয়কের ভূমিকা পালন করে।
পর্যবেক্ষকদের মতে, চার দশকের বেশি সময় ধরে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করায় তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর আস্থা অর্জন করেছিলেন।
বিশ্লেষকদের ধারণা, জোলঘাদরের মতো দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে এ পদে নিয়োগ দিয়ে ইরান স্পষ্ট করেছে যে, জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা কঠোর অবস্থান বজায় রাখতে চায়।
সূত্র: সিএনএন