
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে, ‘পূর্ণাঙ্গ বিজয়’ অর্জিত না হওয়া পর্যন্ত তাদের যুদ্ধ অব্যাহত থাকবে।
মঙ্গলবার (২৪ মার্চ) ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডের এক মুখপাত্র এ ঘোষণা দেন বলে জানিয়েছে আল জাজিরা।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কর্মকর্তা আলী আবদুল্লাহি আলিয়াবাদি এই অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, ‘ইরানের অখণ্ডতা রক্ষায় দেশটির শক্তিশালী সশস্ত্র বাহিনী গর্বিত, বিজয়ী এবং অবিচল। পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই পথচলা অব্যাহত থাকবে।’
তবে ‘পূর্ণাঙ্গ বিজয়’ বলতে কী বোঝানো হয়েছে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেননি এই জেনারেল। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনায় কোনো ধরনের ছাড় না দেওয়ার বার্তা দিতেই এমন বক্তব্য সামনে আনা হয়েছে।