
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা-তে তীব্র জ্বালানি ও বিদ্যুৎ সংকটের প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের জন্য এক সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ সিদ্ধান্তের কথা জানান।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দীর্ঘদিন ধরেই দেশটি বিদ্যুৎ সংকট ও রেশনিং সমস্যার মধ্যে রয়েছে। বিশেষ করে ধর্মীয় উৎসব ইস্টার উপলক্ষে জ্বালানি সাশ্রয়ের জন্য অতীতেও কর্মদিবস কমানো ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নজির আছে।
সরকারি ঘোষণায় বলা হয়েছে, পবিত্র সপ্তাহ উপলক্ষে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইসঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ে সীমিত কার্যক্রম চালানো হবে বা ছুটি দেওয়া হবে।
ডেলসি রদ্রিগেজ জানান, টানা প্রায় ৪৫ দিনের তীব্র তাপপ্রবাহে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা জ্বালানি সংকটকে আরও জটিল করে তুলেছে। তবে জরুরি ও প্রয়োজনীয় সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেফতার হওয়ার পর থেকে ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী নেতৃত্ব দিয়ে আসছেন।