
বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নতুন সামরিক তৎপরতার খবর সামনে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কৌশলগত পদক্ষেপ হিসেবে ইরান এখানে সমুদ্র মাইন স্থাপন করেছে বলে দাবি করা হয়েছে। এর জবাবে এসব মাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করতে আন্ডারওয়াটার ড্রোন মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য।
রোববার (২৯ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জন হ্যালি এ তথ্য জানান।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের জলসীমায় বড় আকারের যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা আন্ডারওয়াটার ড্রোনসহ প্রয়োজনীয় সরঞ্জাম বহন করবে। এ অভিযানে যুক্তরাজ্যের মিত্র যুক্তরাষ্ট্র ও ফ্রান্সও সহায়তা দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
এই মিশনের জন্য নির্ধারিত জাহাজটির নাম ‘আরএফএ লিমে বে’, যার দৈর্ঘ্য প্রায় ৫৮০ ফুট। এটি মূলত একটি রসদবাহী জাহাজ, যা সাধারণত ব্রিটিশ নৌবাহিনী ও সেনাদের জন্য অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং জনবল পরিবহনে ব্যবহৃত হয়। বর্তমানে জাহাজটিকে আন্ডারওয়াটার ড্রোন পরিচালনার উপযোগী করে প্রস্তুত করা হচ্ছে।
হরমুজ প্রণালিতে মাইন শনাক্ত ও ধ্বংসের জন্য ব্যবহৃত ড্রোনগুলো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা-নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় ব্যবস্থা। শক্তিশালী সেন্সরের মাধ্যমে এসব ড্রোন সমুদ্রের উপরিভাগ ও তলদেশে মাইন শনাক্ত করে তা নিষ্ক্রিয় করতে সক্ষম।
জন হ্যালি আরও জানান, ‘আরএফএ লিমে বে’ ছাড়াও যুক্তরাজ্য হরমুজ প্রণালি ও আশপাশের অঞ্চলে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করবে। এসব বাহিনীর মূল দায়িত্ব হবে এই গুরুত্বপূর্ণ জলপথে চলাচলরত বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা।