
ঢাকায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমীন সোমবার (৩০ মার্চ) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Yao Wen-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রীর দপ্তরে। বৈঠকে মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ উপস্থিত ছিলেন।
মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন বৈঠকে বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং বিশেষ করে প্রযুক্তি ও স্মার্ট কার্ড ব্যবস্থায় চীনের অভিজ্ঞতা দেশের জন্য গুরুত্বপূর্ণ।
তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচি তুলে ধরে বলেন, এটি একটি ডেটাবেজভিত্তিক ডিজিটাল সামাজিক সুরক্ষা প্ল্যাটফর্ম যা শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাষ্ট্রদূত Yao Wen বলেন, ফ্যামিলি কার্ড ইতিমধ্যেই বাংলাদেশের নিম্নআয়ের মানুষের কাছে জনপ্রিয় হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, চীন শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচনের মাধ্যমে বাংলাদেশের স্থানীয় জনগণকে সক্ষম ও স্বনির্ভর করতে সহযোগিতা করতে চায়।
তিনি আশাবাদ প্রকাশ করেন, প্রযুক্তিগত সক্ষমতার যথাযথ ব্যবহার বাংলাদেশের সমৃদ্ধি ও জনগণের কল্যাণে চীনকে ফলপ্রসূ অংশীদার হিসেবে দাঁড় করাবে।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।