
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি ইরান অবিলম্বে চুক্তিতে না আসে, তবে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ধ্বংসযজ্ঞ চালানো হবে।
রোববার (৫ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরান যদি দ্রুত কোনো চুক্তিতে না আসে, তবে আমি দেশের তেল সম্পদ দখলসহ বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছি।”
তিনি আরও জানান, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত ‘শিগগিরই’ শুরু হতে পারে এবং দেশজুড়ে বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। ট্রাম্প বলেন, ইরানকে চুক্তিতে পৌঁছানোর জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে, তবে আলোচনায় অংশ নেওয়া কিছু ইরানি কর্মকর্তা এ বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, সোমবার (৬ এপ্রিল) একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হতে পারে।
ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে, পূর্ব নির্ধারিত সময়সীমা শেষ হলে ইরানের ওপর ‘চরম ধ্বংসযজ্ঞ’ নামানো হবে। হরমুজ প্রণালী, তেলভিত্তিক অবকাঠামো, গুরুত্বপূর্ণ সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলো মার্কিন হামলার প্রাথমিক লক্ষ্য হতে পারে।
ইরান এ হুমকি নাকচ করেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছে, মার্কিন হুমকি ও চাপে তারা কোনোভাবেই চুক্তির জন্য প্রস্তুত নন এবং দেশের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার জন্য পদক্ষেপ অব্যাহত রাখবে।
সূত্র: বিবিসি