
জনপ্রিয় ধর্মীয় বক্তা মিজানুর রহমান আযহারীকে দেশ ছাড়তে বাধ্য করার পর এবার বাংলাদেশের আরেক ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমেদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার, ফলে তার নির্ধারিত সফর মাঝপথেই থেমে গেছে।
স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়। এর আগে হিটলারের প্রশংসা ও ইহুদিবিদ্বেষী বক্তব্যসহ উগ্রবাদী প্রচারণার অভিযোগে আজহারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।
খবরে বলা হয়েছে, সিডনি বিমানবন্দর দিয়ে দেশত্যাগের প্রস্তুতি নেওয়ার সময় শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী Matt Thistlethwaite এ সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, ইহুদিবিদ্বেষী কিংবা ইসলামোফোবিক বক্তব্যের প্রতি তাদের সরকারের কোনো সহনশীলতা নেই।
এ বিষয়ে The Daily Telegraph প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, অতীতে শায়খ আহমাদুল্লাহ ইহুদিদের ‘ঘৃণ্য’ বলে মন্তব্য করেছিলেন এবং বৈশ্বিক অস্থিরতার জন্য তাদের দায়ী করেন।
আইপিডিসির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘লিগ্যাসি অব ফেইথ’ কর্মসূচিতে অংশ নিতে তিনি সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে যান। সফরের শুরুতে মেলবোর্নে পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে একটি ভিডিও বার্তাও দেন।
তার নির্ধারিত সূচি অনুযায়ী, ৩ এপ্রিল মেলবোর্নের আল-তাকওয়া কলেজ, ৪ এপ্রিল সিডনির ডায়মন্ড ভেন্যু, ৬ এপ্রিল ক্যানবেরার ন্যাশনাল কনভেনশন সেন্টার, ১০ এপ্রিল অ্যাডিলেডের উডভিল টাউন হল এবং ১১ এপ্রিল পার্থে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল।
তবে এসব কর্মসূচিতে অংশগ্রহণের আগেই তার ভিসা বাতিল হওয়ায় সফর কার্যত বাতিল হয়ে যায়।