.png)
তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার এবং এমনকি একজন ‘স্ত্রী’ দাবি করে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার মুখে পড়েছেন উগান্ডার শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মুহুজি কাইনেরুগাবা। সামাজিক মাধ্যমে দেওয়া তার এ বক্তব্য বিস্ময় ও বিতর্কের জন্ম দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, তিনি দাবি করেন, সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন সমর্থিত শান্তিরক্ষা মিশনে দীর্ঘদিন ধরে উগান্ডার সেনা মোতায়েন থাকায় তুরস্ক অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, উগান্ডার সেনাদের দেওয়া নিরাপত্তার সুযোগে তুর্কি প্রতিষ্ঠানগুলো সোমালিয়ার বন্দর, বিমানবন্দর ও অবকাঠামো খাতে বড় বড় চুক্তি পেয়েছে।
এই প্রেক্ষাপটে তিনি উগান্ডার জন্য ‘নিরাপত্তা লভ্যাংশ’ হিসেবে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেন। তবে সবচেয়ে বিতর্কিতভাবে তিনি তুরস্কের কাছ থেকে ‘সবচেয়ে সুন্দর তুর্কি নারী’কে নিজের স্ত্রী হিসেবে দেওয়ার কথাও উল্লেখ করেন, যা কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এতেই থেমে থাকেননি তিনি—তার দাবি পূরণ না হলে উগান্ডায় তুরস্কের দূতাবাস বন্ধ করে দেওয়ার হুমকিও দেন।
এ বিষয়ে এখন পর্যন্ত তুরস্ক বা সোমালিয়া সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, এর আগেও জেনারেল কাইনেরুগাবা বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন। তিনি প্রকাশ্যে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে প্রয়োজনে এক লাখ উগান্ডার সেনা পাঠানোর কথাও বলেছিলেন। এছাড়া ২০২২ সালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করেও সমালোচিত হন।
সূত্র: সামা টিভি