
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুদের জীবন হয়ে উঠছে ক্ষতবিক্ষত—এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে সাম্প্রতিক প্রতিবেদনে। চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ১১৫ শিশু ও কিশোর আহত হয়েছে।
দেশটির জরুরি সেবা বিভাগের প্রধান জাফর মিয়াদফার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান।
তিনি বলেন, আহতদের সবাই ১৮ বছরের নিচে। এর মধ্যে ১২৪ জনের বয়স পাঁচ বছরেরও কম, আর ২৪ জনের বয়স মাত্র দুই বছরের নিচে। যাদের অনেকেই এখনো ঠিকমতো হাঁটতেও শেখেনি, অথচ সহ্য করতে হচ্ছে যুদ্ধের নির্মম ক্ষত।
তিনি আরও জানান, হামলার ঘটনায় প্রায় ৫ হাজার নারীও আহত হয়েছেন। তীব্র আঘাতে অসংখ্য পরিবার ভেঙে পড়েছে, সর্বত্র ছড়িয়ে পড়েছে শোক ও আতঙ্ক। অধিকাংশ হামলা চালানো হয়েছে তেহরানসহ খুজেস্তান, লারেস্তান, ইসফাহান, কেরমানশাহ এবং ইলাম প্রদেশে।
এই হৃদয়বিদারক তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।