
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সমালোচনার পরও নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনকে ভয় পান না এবং বিশ্বজুড়ে শান্তির বার্তা প্রচার অব্যাহত রাখবেন।
সোমবার (১৩ এপ্রিল) পাপাল বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ লিও এ মন্তব্য করেন বলে জানিয়েছে সিএনএন। তিনি বলেন, কোনো ধরনের রাজনৈতিক বিতর্কে জড়ানোর ইচ্ছা তার নেই এবং তার বক্তব্য কাউকে আক্রমণ করার উদ্দেশ্যে নয়।
ইরান যুদ্ধ ইস্যুতে নিজের মন্তব্য নিয়ে সমালোচনার জবাবে পোপ বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধ এড়ানোর সব উপায় খুঁজে বের করা জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
পোপ লিও বলেন, “আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না। গসপেলের বার্তা জোরালোভাবে তুলে ধরব।” তবে তিনি স্পষ্ট করেন, চার্চ কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয় এবং তারা পররাষ্ট্রনীতি নির্ধারণ করে না।
নিজেকে একজন শান্তির দূত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তার মূল লক্ষ্য হলো মানুষকে সংঘাত থেকে দূরে রাখা এবং সংলাপ ও পুনর্মিলনের পথে উৎসাহিত করা। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠাই চার্চের প্রধান মিশন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, চার্চের দায়িত্ব পালনে তিনি অটল থাকবেন এবং বৈশ্বিক সংকটের মধ্যেও শান্তি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের পক্ষে অবস্থান অব্যাহত রাখবেন।