
মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরীতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন তিন নাবিক, যদিও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে পরিস্থিতি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানবাহী জাহাজ ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ার-এ এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী। সে সময় জাহাজটি ভার্জিনিয়ার পোর্টসমাউথে অবস্থিত নরফোক নেভাল শিপইয়ার্ডে রক্ষণাবেক্ষণের জন্য অবস্থান করছিল। খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম স্টারস অ্যান্ড স্ট্রাইপস।
নৌবাহিনীর বিবৃতিতে জানানো হয়, ওইদিন জাহাজে একটি ছোট পরিসরের আগুনের সূত্রপাত হয়। তবে প্রশিক্ষিত শিপ ফোর্স ও শিপইয়ার্ডের কর্মীদের দ্রুত পদক্ষেপে আগুন অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসে।
ঘটনায় আহত তিন নাবিককে তাৎক্ষণিকভাবে জাহাজের মেডিকেল টিম চিকিৎসা দেয়। বর্তমানে তারা সুস্থ হয়ে নিজ নিজ দায়িত্বে ফিরে গেছেন বলে জানানো হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। তবে মার্কিন নৌবাহিনীর নরফোক ফ্লিট ফোর্সেসের মুখপাত্র ক্যাপ্টেন অ্যান্থনি ফালভো জানিয়েছেন, এ ঘটনায় রণতরীর রক্ষণাবেক্ষণ কার্যক্রমে কোনো বিলম্ব হবে না। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের শেষের দিকেই কাজ শেষ হবে এবং জাহাজটি নির্ধারিত সময়েই বহরে ফিরবে।