
যুক্তরাষ্ট্রের প্রস্তাব একেবারেই নাকচ করে দিয়েছে ইরান—সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটিতে পাঠানোর প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান। একই সঙ্গে এ বিষয়ে নতুন করে কোনো আলোচনার সুযোগও নেই বলে জানানো হয়েছে।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেন, ‘তার দেশ যুক্তরাষ্ট্রে কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাবে না।’
তুরস্কে অনুষ্ঠিত একটি কূটনৈতিক বৈঠকের ফাঁকে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
সংস্থাটির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, খাতিবজাদেহ বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একাধিক বার্তা বিনিময় হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এমন কিছু দাবি নিয়ে জেদ ধরে আছে, যা তেহরানের কাছে বাড়াবাড়ি বলে মনে হয়েছে।’