
মধ্যপ্রাচ্যের অতি গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে উত্তেজনা নতুন করে বাড়ল—ইরানি গানবোটের গুলির মুখে পড়ে ফিরে যেতে হলো ভারতীয় পতাকাবাহী দুই জাহাজকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার হরমুজ প্রণালিতে ইরানের দুটি গানবোট ভারতীয় পতাকাবাহী জাহাজ লক্ষ্য করে গুলি চালায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং জাহাজ দুটিরও ক্ষয়ক্ষতি হয়নি। তবুও নিরাপত্তাজনিত কারণে তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ থেকে জাহাজ দুটিকে ফিরে যেতে হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘জগ অর্ণব’ ও ‘সানমার হেরাল্ড’ নামের জাহাজ দুটি এ হামলার শিকার হয়। ঘটনাটির পর দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে গভীর উদ্বেগ জানায় ভারত সরকার। পাশাপাশি ভারতের দিকে আসা সব বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ চলমান থাকায় শনিবার দুপুরে আবারও হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানায়, ‘ইরান থেকে আসা বা ইরানে যাওয়ার জাহাজ চলাচল যতদিন হুমকির মুখে থাকবে, ততদিন হরমুজ প্রণালির অবস্থা আগের মতোই কঠোর নিয়ন্ত্রণে থাকবে।’
আইআরজিসির যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আবার আগের অবস্থায় ফিরে গেছে। একই সঙ্গে আইআরজিসির বরাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ‘অবরোধের নামে জলদস্যুতা ও সামুদ্রিক চুরি চালিয়ে যাচ্ছে’।
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক মোট তেল ও এলএনজির প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জেরে পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দেয় ইরান।
এর প্রভাব পড়ে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে, তৈরি হয় সংকট। সেই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই নৌপথের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালালেও সফল হয়নি। অন্যদিকে তেহরান নৌপথের নিয়ন্ত্রণ ধরে রাখার পাশাপাশি পুরো অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার সক্ষমতা ও ইচ্ছা দেখিয়েছে, যা উপসাগরীয় দেশগুলোর তেল-গ্যাস নির্ভর অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করেছে।
উল্লেখ্য, লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দীর্ঘ প্রায় ছয় সপ্তাহ বন্ধ থাকার পর শুক্রবার (১৭ এপ্রিল) হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয় ইরান। সেদিন বিকেলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা দেন, যুদ্ধবিরতি বহাল থাকাকালে প্রণালিটি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে।