
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নজির গড়ে প্রথমবারের মতো একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, আর এই দল নিয়েই নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে তারা।
সোমবার (২০ এপ্রিল) দুই ম্যাচের সিরিজে অংশ নিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি।
এর আগে পাকিস্তান ও ভারতে জন্ম নেওয়া অনেক ক্রিকেটারই আমিরাতের হয়ে খেলেছেন, তবে তারা আইসিসির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় বসবাসের শর্ত পূরণ করেই সুযোগ পেয়েছিলেন। আইসিসির বিধান অনুযায়ী, কোনো দেশে টানা তিন বছর বসবাস করলে সেই দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা যায়।
কিন্তু এবার ব্যতিক্রম ঘটিয়ে নতুন পাঁচ ক্রিকেটারকে সরাসরি নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, ফলে তারা পাসপোর্টধারী নাগরিক হিসেবেই খেলতে পারবেন। ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ন্যাচারালাইজেশনের মাধ্যমে ক্রিকেটারদের নাগরিকত্ব দেওয়ার ঘটনা আমিরাতে এই প্রথম।
নাগরিকত্ব পাওয়া পাঁচ ক্রিকেটার হলেন—খুজাইমা তানভীর, অজয় কুমার, অক্ষদীপ নাথ, হারপ্রীত ভাটিয়া ও আদীব উসমানি। এদের মধ্যে খুজাইমা তানভীরের জন্ম পাকিস্তানের ফয়সালাবাদে, আর বাকি চারজন ভারতীয়।
২৯ বছর বয়সী অজয় কুমার একজন বাঁহাতি পেসার, যিনি টি-টেন ক্রিকেটে খেলেছেন। অক্ষদীপ নাথ ভারতের পরিচিত মিডল অর্ডার ব্যাটসম্যান; ৩২ বছর বয়সী এই ক্রিকেটার আইপিএলে বেঙ্গালুরু, পাঞ্জাব ও গুজরাটের হয়ে খেলেছেন এবং ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও প্রতিনিধিত্ব করেছেন।
হারপ্রীত ভাটিয়ারও রয়েছে আইপিএল অভিজ্ঞতা। ছত্তিশগড়ের এই বাঁহাতি ব্যাটার ভারতের অনূর্ধ্ব-১৯ দলের পাশাপাশি পুনে ওয়ারিয়র্স ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার অভিজ্ঞতায় সমৃদ্ধ। অন্যদিকে আদীব উসমানি মুম্বাইয়ের অনূর্ধ্ব-২৩ দলে খেলেছেন।
নাগরিকত্ব পাওয়ার অনুভূতি জানাতে অজয় কুমার ‘দ্য ন্যাশনাল’-কে বলেন, ‘যেদিন থেকে আমি ইউএইতে পা রেখেছি, সেদিন থেকেই আন্তর্জাতিক পর্যায়ে এই দেশের প্রতিনিধিত্ব করা আমার স্বপ্ন ছিল। এখন আমি সেই সুযোগটি পাচ্ছি।’
খুজাইমা তানভীরও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘যদি আপনি আপনার দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান, তবে যেকোনো খেলোয়াড়ের জন্য এটি অসাধারণ এক অনুভূতি।’