
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে ইরানের দিকে অগ্রসর হওয়া একাধিক জাহাজকে ফিরিয়ে দেওয়া বা পথ পরিবর্তনে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সাম্প্রতিক নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে সেন্টকম জানায়, গত ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে টহল জোরদার করার পর এখন পর্যন্ত মোট ৩৪টি জাহাজকে তাদের নির্ধারিত পথ পরিবর্তন করানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি এবং সামুদ্রিক চলাচল পর্যবেক্ষণ জোরদার করার অংশ হিসেবেই এই অভিযান চালানো হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, যুদ্ধবিরতি পরিস্থিতি শেষ হলে ইরানে সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, ইরানের গুরুত্বপূর্ণ বন্দর ও সামুদ্রিক রুটগুলো কঠোর নজরদারিতে রাখা হয়েছে এবং সন্দেহভাজন জাহাজগুলোর চলাচল নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান ও হরমুজ প্রণালিতে টহল জোরদার করাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ এই জলপথ বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট হিসেবে পরিচিত।