
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার জেরে আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম। সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা ভেঙে পড়ার পর রোববার ব্রেন্ট ক্রুডের মূল্য ২ শতাংশের বেশি বেড়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
তবে পরবর্তীতে কিছুটা নিম্নমুখী হয়ে বাংলাদেশ সময় সকাল ৭টা ৩০ মিনিটে প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়ায় ১০৬ দশমিক ৯৯ ডলার।
এই অচলাবস্থার মাঝেও সোমবার এশিয়ার শেয়ারবাজার ইতিবাচক সূচনা করেছে। দিনের শুরুতে জাপানের নিকেই ২২৫ সূচক বেড়েছে ০ দশমিক ৯ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক ১ দশমিক ৫ শতাংশ পর্যন্ত ঊর্ধ্বমুখী হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার-এর পাকিস্তান সফর বাতিল করেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদ ত্যাগ করায় দুই পক্ষের মধ্যে সরাসরি বৈঠক আর হয়নি।
এরই ধারাবাহিকতায় সোমবার আরাগচি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন, যেখানে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। কূটনৈতিক অচলাবস্থা কাটিয়ে ওঠার পথ খুঁজতেই এই সফর বলে জানা গেছে।
রোববার ওমান সফর শেষে এই রাশিয়া যাত্রা এমন এক সময়ে হচ্ছে, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার নাজুক যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে।
এর আগে গত সপ্তাহে ট্রাম্প দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও কোনো চূড়ান্ত চুক্তির সময়সীমা নির্ধারণ করেননি।
আলোচনায় অগ্রগতি না হওয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলও কমে গেছে। তেহরানের হুমকির প্রেক্ষিতে এই জলপথে চলাচল উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যা বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে প্রভাব ফেলছে।
সামুদ্রিক তথ্য বিশ্লেষণ প্ল্যাটফর্ম উইন্ডওয়ার্ড-এর তথ্য অনুযায়ী, শনিবার হরমুজ প্রণালী দিয়ে মাত্র ১৯টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে। অথচ সাধারণ সময়ে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়।
অন্যদিকে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থা-এর তথ্য বলছে, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগে প্রতিদিন গড়ে ১২৯টি জাহাজ এই প্রণালী ব্যবহার করত।
বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং কূটনৈতিক অচলাবস্থা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলছে।