
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর বিজয় রাজ্যের নবনির্বাচিত বিধানসভার দ্বিতীয় ধনী বিধায়ক হিসেবে উঠে এসেছেন। নির্বাচনী হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৬৪৮ কোটি রুপি।
রোববার (১০ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) এবং তামিলনাড়ু ইলেকশন ওয়াচ ২৩৩ জন বিজয়ী প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে।
হলফনামা অনুযায়ী, বিজয়ের অস্থাবর সম্পদের পরিমাণ ৪২৬ কোটি ২০ লাখ রুপি এবং স্থাবর সম্পদের পরিমাণ ২২২ কোটি ৬৫ লাখ রুপি। গত অর্থবছরে তিনি ১৮৪ কোটি রুপি আয় দেখিয়েছেন, যা নবনির্বাচিত বিধায়কদের মধ্যে সর্বোচ্চ।
নবনির্বাচিত বিধায়কদের মধ্যে সবচেয়ে ধনী হলেন এআইএডিএমকে নেতা লিমা রোজ মার্টিন। লালগুডি আসন থেকে নির্বাচিত এই বিধায়ক প্রায় ৫ হাজার ৮৬৩ কোটি রুপির সম্পদের ঘোষণা দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়ী ২৩৩ জন প্রার্থীর মোট সম্পদের পরিমাণ প্রায় ১১ হাজার ২৬৫ কোটি রুপি। ২০২৬ সালের নির্বাচনে বিজয়ী প্রতিটি বিধায়কের গড় সম্পদ দাঁড়িয়েছে ৪৮ কোটি ৩৫ লাখ রুপি। অথচ ২০২১ সালে এই গড় ছিল মাত্র ১২ কোটি ২৭ লাখ রুপি। অর্থাৎ পাঁচ বছরে বিধায়কদের গড় সম্পদ প্রায় চার গুণ বেড়েছে।
দলভিত্তিক গড় সম্পদের হিসাবেও বড় পার্থক্য দেখা গেছে। টিভিকের ১০৭ জন বিজয়ী প্রার্থীর গড় সম্পদ ২৭ কোটি ৯ লাখ রুপি। ডিএমকের ৫৯ জন বিধায়কের গড় সম্পদ ১৪ কোটি ৩৪ লাখ রুপি। এআইএডিএমকের ৪৭ জন বিধায়কের গড় সম্পদ ১৫২ কোটি ৮৯ লাখ রুপি এবং কংগ্রেসের ৫ জন বিধায়কের গড় সম্পদ ১৭ কোটি ৮১ লাখ রুপি।
রোববার আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়। শপথের পর দেওয়া ভাষণে তিনি বলেন, “আমাকে ছাড়া আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না। আমিই একমাত্র ক্ষমতার কেন্দ্র।”