
হরমুজ প্রণালিতে চালু হওয়া নতুন একটি নৌ করিডোরকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌ শাখা। একই সঙ্গে ওই পথ ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য সম্ভাব্য ঝুঁকির কথাও সতর্কবার্তায় উল্লেখ করেছে তেহরান।
বৃহস্পতিবার (২৫ জুন) প্রকাশিত আইআরজিসি নৌবাহিনীর এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির ভেতরে নতুন এই নৌ রুটটি ইরানের সঙ্গে পূর্ব আলোচনা, আনুষ্ঠানিক অবহিতকরণ বা প্রয়োজনীয় সমন্বয় ছাড়াই কিছু আন্তর্জাতিক পক্ষ একতরফাভাবে নির্ধারণ করেছে। তবে বিবৃতিতে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ বা দেশের নাম উল্লেখ করা হয়নি।
ওমান সরকার সম্প্রতি হরমুজ প্রণালিতে সব দেশের বাণিজ্যিক জাহাজের জন্য একটি অস্থায়ী নৌ করিডোর চালুর ঘোষণা দেওয়ার পরই ইরানের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া আসে।
আইআরজিসির নৌ কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমায় কেবল ইরান কর্তৃক অনুমোদিত ও নির্ধারিত নৌপথগুলোই বৈধ হিসেবে বিবেচিত হবে।
বিবৃতিতে আরও বলা হয়, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ব্যবহারকারী যেকোনো দেশের বাণিজ্যিক বা মালবাহী জাহাজকে আইআরজিসির নৌ শাখার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করতে হবে। নির্ধারিত করিডোরের বাইরে গিয়ে কোনো জাহাজ অননুমোদিত রুট ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনগত ও সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
এছাড়া তেহরানের দাবি, অনুমোদনবিহীন বিকল্প পথ ব্যবহার করলে সংশ্লিষ্ট জাহাজগুলো ভবিষ্যতে গুরুতর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।
সূত্র: আল জাজিরা