
মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়েছে। বাহরাইনকে লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। একই সময়ে হরমুজ প্রণালিতে একটি জাহাজও পৃথক হামলার শিকার হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
শনিবার (২৭ জুন) বাহরাইন সরকার তাদের ভূখণ্ডে ড্রোন হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণের কথা জানিয়েছে।
এর আগে ইরান দাবি করেছিল, তারা ওই অঞ্চলে মার্কিন বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে কোন লক্ষ্যবস্তুতে বা কোথায় হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি তেহরান।
এদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, ওমান উপকূলসংলগ্ন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আরও নিরাপদ রাখতে নৌপথ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, এই পদক্ষেপকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগও বাড়ছে।