
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।
শনিবার (২৭ জুন) নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তি মোহাম্মদ আলী, তিনি নরসিংদীর কামারগাঁও এলাকার আবদুর রবের ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদী শহরের নাগরিয়াকান্দি সেতু থেকে একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেন ওই যুবক। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
পরে বৃহস্পতিবার নিজ এলাকা থেকে অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৬ জুন) ঘটনাটি প্রধানমন্ত্রীর নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
নরসিংদী মডেল থানার ওসি এ আর এম আল মামুন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে তদন্ত চলছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, কুকুরটি স্থানীয় এক নারীর লালিত-পালিত ছিল। কিছুদিন আগে একটি গর্ত করার ঘটনাকে কেন্দ্র করে কুকুরটির গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।