
মালয়েশিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগের পাশাপাশি সেখানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
শনিবার (২৭ জুন) মালয়েশিয়া ও চীন সফর শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ পুনরায় চালু এবং দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
তিনি জানান, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশকে সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছে মালয়েশিয়া। একই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ অর্জনের প্রচেষ্টায় দেশটি সমর্থন দেবে বলে আশ্বাস দিয়েছে।
দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে খলিলুর রহমান বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের শেয়ার করা ‘মহাজাদু’ গানও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে দেখা যেতে পারে।
চীন সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, তিস্তা প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করতে সম্মত হয়েছে চীন। এ লক্ষ্যে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা দ্রুত এগিয়ে নিতে দুই দেশ একমত হয়েছে।
তিনি আরও বলেন, এবারের সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় আরও গভীর ও বন্ধুত্বপূর্ণ পর্যায়ে উন্নীত হয়েছে।