
কাতার সরকারের উপহার হিসেবে পাওয়া নতুন বিলাসবহুল বোয়িং উড়োজাহাজে প্রথমবারের মতো ভ্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই বিমানটিকে তিনি ‘এয়ার ফোর্স ওয়ান’ হিসেবে ব্যবহার করছেন এবং এর প্রশংসায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বুধবার (১ জুলাই) উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এটি তার এই বিমানে প্রথম যাত্রা এবং তিনি এ নিয়ে বেশ রোমাঞ্চিত।
প্রায় ৪০ কোটি মার্কিন ডলার মূল্যের উড়োজাহাজটি কাতার সরকারের পক্ষ থেকে কোনো শর্ত ছাড়াই উপহার হিসেবে দেওয়া হয়েছে। তবে এটি গ্রহণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে আইনি, নৈতিক ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট নানা প্রশ্নও উঠেছে। সাদা, লাল ও গাঢ় নীল রঙে সাজানো বিমানটির অভ্যন্তরীণ নকশা অনেকটাই ট্রাম্পের ব্যক্তিগত বিমানের আদলে তৈরি করা হয়েছে।
নতুন বিমান সম্পর্কে ট্রাম্প বলেন, এটি একজন মার্কিন প্রেসিডেন্টের জন্য উপযুক্তভাবে প্রস্তুত করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি ও সুবিধা—সবকিছুই তার কাছে অসাধারণ মনে হয়েছে।
বোয়িং নির্মিত এই বিমানটি শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ট্রাম্প প্রথম যখন এটি গ্রহণের পরিকল্পনার কথা জানান, তখন থেকেই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। পরে জানা যায়, প্রেসিডেন্টের দায়িত্ব শেষ হওয়ার পর বিমানটি তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে সংরক্ষণের পরিকল্পনা ছিল। শেষ পর্যন্ত এটি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
ট্রাম্প জানান, বোয়িংয়ের প্রধান নির্বাহী তাকে বলেছিলেন কাতারের এই উড়োজাহাজটি বিশ্বের সেরা বিমানগুলোর একটি। তিনি প্রথমে এটি সাময়িক ব্যবহারের অনুমতি চাইলেও কাতারের আমির পরে পুরো বিমানটিই উপহার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেন।
গত মাসে যৌথ ঘাঁটি অ্যান্ড্রুজে বিমানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ট্রাম্প তখন এটিকে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল উড়োজাহাজগুলোর একটি বলে মন্তব্য করেন। বিমানের ভেতরে রয়েছে সমতল করে শোয়ার উপযোগী চামড়ার আসন, প্রেসিডেন্টের প্রতীক সংবলিত নিরাপত্তা বেল্ট, বিশেষ আলোকসজ্জা এবং আভিজাত্যপূর্ণ অভ্যন্তরীণ সাজসজ্জা।
বুধবারের যাত্রায় সাংবাদিকদের জন্য হ্যাম ও পনিরের ক্রোয়াসাঁ, সালাদ এবং ফল পরিবেশন করা হয়। খাবার পরিবেশনে ব্যবহার করা হয় প্রেসিডেন্টের প্রতীকযুক্ত বিশেষ সোনালি-সাদা পাত্র।
উল্লেখ্য, ১৯৯০ সাল থেকে ব্যবহৃত হয়ে আসা পুরোনো এয়ার ফোর্স ওয়ানের পরিবর্তে নতুন প্রজন্মের বিমান যুক্ত করার কাজ চলছে। নতুন দুটি বিমান পুরোপুরি প্রস্তুত হতে আরও সময় লাগবে। সেই সময়ের ব্যবধান পূরণে বোয়িং ৭৪৭-৮০০ মডেলের বিমানকে ভিসি-২৫বি সংস্করণে রূপান্তরের পাশাপাশি কাতারের উপহার দেওয়া এই উড়োজাহাজটিও ব্যবহৃত হবে।
ট্রাম্পের ভাষায়, “এ ধরনের বিমান আগে দেখা যায়নি। এত ব্যয়বহুল প্রকল্পে আমরা হয়তো যেতাম না, কিন্তু কাতার সর্বোচ্চ মান নিশ্চিত করেছে।”