
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের অন্যতম চমক কেপ ভার্দে। শক্তির বিচারে লিওনেল স্কালোনির দল এগিয়ে থাকলেও ম্যাচ শুরুর আগেই এক মন্তব্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিমুর-লেসতের প্রেসিডেন্ট ও নোবেলজয়ী নেতা হোসে মানুয়েল রামোস-হোর্তা।
আর্জেন্টিনা কিংবা কেপ ভার্দের সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকলেও আফ্রিকার দেশটির জয়ের ব্যাপারে নিজের দৃঢ় বিশ্বাসের কথা প্রকাশ করেছেন তিনি। তার দাবি, এই ম্যাচেই চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো পরাজয়ের মুখ দেখবে লিওনেল মেসির আর্জেন্টিনা।
রামোস-হোর্তার মতে, কেপ ভার্দের ফুটবলারদের খাদ্যাভ্যাস ও জীবনযাপন তাদের আলাদা ধরনের শারীরিক ও মানসিক শক্তি দিয়েছে। তিনি বলেন, ভুট্টা, শিম, মাংস ও বিভিন্ন প্রোটিনসমৃদ্ধ ঐতিহ্যবাহী খাবার ‘কাচুপা’ খেলোয়াড়দের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শুধু খাদ্যাভ্যাস নয়, প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠার অভিজ্ঞতাও কেপ ভার্দের খেলোয়াড়দের সহনশীল ও লড়াকু করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথাও উল্লেখ করেন রামোস-হোর্তা।
তিনি বলেন, “কেপ ভার্দে ইতোমধ্যেই জিতে গেছে।” তার মতে, দলের আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তাই তাদের সবচেয়ে বড় শক্তি।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবকে নিয়ে গঠিত কঠিন গ্রুপ থেকে তিনটি ড্র নিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় আফ্রিকার দলটি। এবার তাদের সামনে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও লিওনেল মেসির কঠিন চ্যালেঞ্জ।
বাংলাদেশ সময় আগামী শনিবার ভোর ৪টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।