
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার তার পদত্যাগের খবর প্রকাশ্যে আসে। দলটির সাম্প্রতিক নির্বাচনী ধাক্কার পর এই সিদ্ধান্তকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার পর দলীয় পুনর্গঠনের অংশ হিসেবে মাত্র এক মাস আগে তাকে রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল।
দলীয় চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠিতে চন্দ্রিমা ভট্টাচার্য শুধু রাজ্য সভাপতির পদই নয়, দলের অন্যান্য সাংগঠনিক দায়িত্ব থেকেও সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। এতে তৃণমূলের সঙ্গে তার ভবিষ্যৎ রাজনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা শুরু হয়েছে।
এছাড়া তিনি দলের ব্যাংক হিসাব পরিচালনার অনুমোদিত স্বাক্ষরকারী এবং নির্বাচন কমিশনের কাছে দলীয় প্রতিনিধির দায়িত্ব থেকেও অব্যাহতি নিয়েছেন।
পশ্চিমবঙ্গ সরকারের সাবেক এই মন্ত্রী অর্থ, স্বাস্থ্যসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসের নারী সংগঠনের অন্যতম শীর্ষ নেত্রী হিসেবেও পরিচিত ছিলেন।
গত ৫ জুন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অনুষ্ঠিত দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে সুব্রত বক্সির স্থলাভিষিক্ত হয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতির দায়িত্ব গ্রহণ করেন চন্দ্রিমা ভট্টাচার্য।
তিনবারের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দমদম উত্তর আসনে বিজেপি প্রার্থী সৌরভ সিকদারের কাছে পরাজিত হন।