
দক্ষিণ স্পেনের আলমেরিয়া প্রদেশে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১৫০ জন দমকলকর্মী নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। স্থানীয় সময় শুক্রবার (১০ জুলাই) ভোরে এ তথ্য জানিয়েছে আন্দালুসিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা।
আন্দালুসিয়ার প্রেসিডেন্সি, স্বাস্থ্য ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী আন্তোনিও সান্স এই অগ্নিকাণ্ডকে অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, এটি একটি নজিরবিহীন মানবিক বিপর্যয়।
এর আগে এ ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরবর্তী সময়ে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।
আন্দালুসিয়া অঞ্চলের প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহতদের স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোসসহ আশপাশের ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের প্রতি সংহতি প্রকাশ করেন। লস গাইয়ারদোস আলমেরিয়ার একটি পৌর এলাকা।
স্পেনের এই অগ্নিকাণ্ডের কয়েক দিন আগেই দক্ষিণ ফ্রান্সেও ভয়াবহ দাবানল দেখা দেয়। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সেই আগুনের কারণে স্পেন সীমান্তবর্তী প্রায় দুই ডজন ছোট শহর ও গ্রাম থেকে ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরের মে ও জুন মাসজুড়ে পশ্চিম ইউরোপে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে বিস্তীর্ণ বনাঞ্চল ও খোলা এলাকা শুকিয়ে গেছে। এতে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, ইউরোপে বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণেরও বেশি হারে তাপমাত্রা বাড়ছে। এর ফলে ভবিষ্যতে আরও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ এবং ভয়াবহ দাবানলের মতো দুর্যোগের আশঙ্কা বৃদ্ধি পেতে পারে।