
ইরান তাকে হত্যার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক জবাব দেবে বলে আবারও সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানকে লক্ষ্য করে এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে এবং তার ওপর হামলার চেষ্টা হলে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তাকে হত্যা করা হলে যুক্তরাষ্ট্র ইরানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের দিকে তাক করে এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। আরো হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে, যদি ইরান সরকার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেওয়া তাদের হুমকি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট অর্থাৎ আমাকে হত্যা করে বা হত্যা করার চেষ্টা করে!’
তিনি আরো বলেন, ‘ইতোমধ্যেই আদেশ দেওয়া হয়েছে। মার্কিন সামরিক বাহিনী ইরানের পুরো এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করে দিতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম।’
এর আগে শুক্রবার নিউ ইয়র্ক পোস্ট–কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান দীর্ঘদিন ধরেই তাকে হত্যার পরিকল্পনা করছে।