
ভারতে প্রশ্নফাঁসবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে মুম্বাই পুলিশের এক সদস্যের বক্তব্য। আটক শিক্ষার্থীরা আবারও বিক্ষোভে অংশ নিলে তাদের বিরুদ্ধে মাদকের ভুয়া মামলা দিয়ে ‘জীবন নষ্ট’ করে দেওয়ার হুমকি দেন তিনি। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে মুম্বাই পুলিশ। পরে অভিযুক্ত পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আটক কয়েকজন শিক্ষার্থীকে একটি পুলিশ ভ্যানে তোলার পর এক পুলিশ সদস্য তাদের উদ্দেশে হুমকিমূলক ভাষায় কথা বলছেন। ভিডিওটি শিক্ষার্থীদের মধ্য থেকেই কেউ ধারণ করেছেন বলে জানা গেছে।
ভিডিওতে ওই পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, আন্দোলনে আবার দেখা গেলে তাদের বিরুদ্ধে মাদক রাখার অভিযোগ সাজিয়ে মামলা দেওয়া হবে। একপর্যায়ে তিনি বলেন, ‘এই মামলা দিয়ে জীবন নষ্ট করে দেব।’ এরপর আরও হুমকি দিয়ে বলেন, ‘জামিনও পাবে না, জেলে পচে মরতে হবে।’
ভিডিওতে আরও দেখা যায়, গাড়ির পেছনের আসনে বসা এক শিক্ষার্থী হাসলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ওই পুলিশ সদস্য। তিনি বলেন, ‘আবার যদি তোমাদের বিক্ষোভে দেখি, আমার চেয়ে খারাপ কেউ হবে না। তোমাদের পকেটে ৫০ গ্রাম পাউডার (মাদক) ঢুকিয়ে দেব। তখন তোমাদের জীবন শেষ। জামিনও পাবে না।’
এক পর্যায়ে তিনি আরও বলেন, ‘তোমাদের জন্য আমরাই ভুগছি।’
ঘটনার ভিডিওটি কংগ্রেস এবং সিটিজেনস ফর জাস্টিস অ্যান্ড পিস (সিজেপি) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। পরে মুম্বাই পুলিশ অভিযুক্ত সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে এবং বিভাগীয় তদন্ত শুরু করার ঘোষণা দেয়।
মুম্বাই পুলিশের উপকমিশনার (অভিযান) আকবর পাঠান বলেন, বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, প্রশ্নফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন ইতোমধ্যে মুম্বাইয়েও ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় শত শত শিক্ষার্থী বিক্ষোভে অংশ নিচ্ছেন। বিশেষ করে গত সোমবার দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার পর মুম্বাইয়ের আন্দোলন আরও জোরালো হয়েছে।
শিবাজি পার্ক, চেম্বুর ও আজাদ ময়দানসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে বলিউড অভিনেতা ইমরান খানসহ কয়েকজন পরিচিত ব্যক্তিকেও অংশ নিতে দেখা গেছে।