
ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভ্রমণ নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে চারটি দেশ। ইরান, বলিভিয়া, কেপ ভার্দে ও নিকারাগুয়া আগের ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা বাতিল কিংবা সংশোধন করে নতুন নিয়ম কার্যকর করেছে। ফলে এসব দেশে ভ্রমণের আগে ভারতীয় নাগরিকদের এখন অতিরিক্ত ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
২০২৫ সালের নভেম্বরে ইরান সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য চালু থাকা ভিসামুক্ত প্রবেশ সুবিধা স্থগিত করে। এর আগে ভারতীয় পর্যটকেরা ভিসা ছাড়াই দেশটিতে প্রবেশ করে শিরাজ, তেহরানসহ বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারতেন।
লাতিন আমেরিকার দেশ বলিভিয়াও ভারতীয় নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা প্রত্যাহার করেছে। এখন দেশটিতে যেতে হলে ভ্রমণের আগে অনলাইনে ই-ভিসার আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে অনুমোদন পাওয়ার পরই ভ্রমণের সুযোগ মিলবে।
আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ভারতসহ ৯৬টি দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বাতিল করেছে। ফলে ভারতীয় পর্যটকদের এখন আগেই ভিসা সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
অন্যদিকে, ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে নতুন অভিবাসন নীতি কার্যকর করেছে নিকারাগুয়া। নতুন নিয়মে ভারতীয় পাসপোর্টধারীদের ‘সি’ বা ‘কনসালটেড ভিসা’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে দেশটিতে ভ্রমণের আগে নিকারাগুয়ার অভিবাসন কর্তৃপক্ষের পূর্বানুমোদন নেওয়া বাধ্যতামূলক হয়েছে। আগে ভারতীয় নাগরিকরা সেখানে পৌঁছেই অন-অ্যারাইভাল ভিসা পেতেন।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস