
ভারতের মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা একটি আবাসিক ভবন ধসে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। কর্মকর্তাদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন। ভবনটিতে সংস্কারকাজ চলাকালেই এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পাওয়ারলুম শিল্পনগরী হিসেবে পরিচিত ভিওয়ান্ডির বালাজি নগর এলাকার কোহিনুর ভবনের একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে।
জানা গেছে, ভবনটিতে মোট ৪৮টি কক্ষ ছিল, যার প্রতিটি তলায় ১২টি করে কক্ষ রয়েছে। এর আগে পৌর কর্তৃপক্ষ ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল।
স্থানীয় সূত্রের বরাতে কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাত প্রায় ৯টার দিকে ভবনের ভেতর থেকে অস্বাভাবিক জোরে শব্দ শোনা যায়। সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা দ্রুত অনেক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হন। তবে তখনও কয়েকজন বাসিন্দা ভবন থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন। এর মধ্যেই ভবনের ‘বি’ উইং আকস্মিকভাবে ধসে পড়ে।
দুর্ঘটনার পরপরই ব্যাপক উদ্ধার অভিযান শুরু করা হয়। অভিযানে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), থানে ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নিয়েছেন।
উদ্ধার তৎপরতায় প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর, চারটি ফায়ার ইঞ্জিন, দুটি অ্যাম্বুলেন্স এবং ভারী খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।