
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রধান ফটকে দায়িত্বরত এক আনসার সদস্যকে মারধরের অভিযোগে শাখা ছাত্রদলের নেতা জিল্লুর রহমানকে সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতির পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা জিল্লুর রহমানের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
ঘটনাটি ঘটে গত ২১ জুলাই দুপুর দেড়টার দিকে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে প্রবেশের সময় দায়িত্বরত আনসার সদস্য জিল্লুর রহমানের কাছে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র (আইডি কার্ড) দেখতে চান। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে ছাত্রদল নেতা জিল্লুর রহমান আনসার সদস্যকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।