
ইরানের কাছে সম্ভাব্য চীনা অস্ত্র সরবরাহের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চীন যদি সত্যিই ইরানকে অস্ত্র দেয়, তাহলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওপর তিনি ‘খুবই হতাশ’ হবেন। একই সঙ্গে ট্রাম্প জানান, এ বিষয়ে শি জিনপিং তার কাছে ভিন্ন ধরনের আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ মন্তব্য করেন।
এর আগে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরান চীনে তৈরি ৩০০ থেকে ৪০০টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা (ম্যানপ্যাডস) পেতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য এ চুক্তির আর্থিক মূল্য ৬ থেকে ৭ কোটি মার্কিন ডলারের মধ্যে হতে পারে।
রয়টার্সের ওই প্রতিবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, এমন ঘটনা ঘটলে তা বিস্ময়কর হবে। তিনি বলেন, ‘শি জিনপিং আমাকে খুব দৃঢ়ভাবে বলেছেন, তিনি এতে জড়িত থাকবেন না। তিনি জানেন, যদি এমনটি ঘটে, তাহলে আমি খুবই হতাশ হবো।’
এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছিল, চীন ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তবে ওয়াশিংটনে চীনের দূতাবাস ওই দাবি নাকচ করে দিয়ে একে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।
তবে চীন থেকে ইরানের কাছে সম্ভাব্য অস্ত্র সরবরাহের বিষয়ে এখন পর্যন্ত বেইজিং বা তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।