
রোহিঙ্গা সংকট সরেজমিনে দেখতে কক্সবাজারের শরণার্থী শিবির পরিদর্শনে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বাংলাদেশ সফরের অংশ হিসেবে শুক্রবার (৩১ জুলাই) তার কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে।
ঢাকা থেকে সরাসরি কক্সবাজারে পৌঁছে তিনি রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং তাদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেবেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছানোর পর বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন সার্জিও গোর।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, শুরু থেকেই বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিবাচক রয়েছে এবং সময়ের সঙ্গে তা আরও শক্তিশালী হচ্ছে। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা আরও বাড়ানোর অনুরোধও জানানো হয়েছে।
সফরের শেষ দিনে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন সার্জিও গোর। ওই বৈঠকের মধ্য দিয়ে তার তিন দিনের বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে।