
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা সূর্যসেন হলে বহিরাগত এক সমকামী ব্যক্তিকে ডেকে আনার ঘটনায় সমকামিতায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত এক আবাসিক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে সংশ্লিষ্ট বিভাগের ছাত্র উপদেষ্টার জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনার খবর পেয়ে প্রথমে হল প্রশাসন ওই শিক্ষার্থীকে নিজেদের হেফাজতে নেয়। পরে প্রক্টর অফিসকে জানানো হলে শাহবাগ থানার সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট বিভাগের ছাত্র উপদেষ্টা, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে শিক্ষার্থীকে বিভাগের জিম্মায় হস্তান্তর করা হয়।
সহকারী প্রক্টর আরও বলেন, হল প্রশাসন ইতোমধ্যে শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তার কাছ থেকে লিখিত অঙ্গীকার নেওয়া হয়েছে, ভবিষ্যতে তিনি এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়াবেন না। এই অঙ্গীকার ভঙ্গ করলে বিশ্ববিদ্যালয় থেকেও স্থায়ী বহিষ্কারের বিষয়টি বিবেচনা করা হবে।
তিনি জানান, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকেরা শিক্ষার্থীর আগের আচরণ সম্পর্কে ইতিবাচক মতামত দিয়েছেন। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসন মানবিক ও প্রশাসনিক উভয় দিক থেকে বিষয়টির নিষ্পত্তির চেষ্টা করেছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে হলের নিরাপত্তা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে সহকারী প্রক্টর বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বহিরাগতদের পরিচয় যাচাই এবং হলের প্রবেশপথে নজরদারি আরও কঠোর করা প্রয়োজন।
হল সূত্রে জানা গেছে, সূর্যসেন হলের এক আবাসিক শিক্ষার্থী একটি অনলাইন অ্যাপের মাধ্যমে এক বহিরাগত ব্যক্তিকে হলে আসার জন্য আমন্ত্রণ জানান। তবে নির্ধারিত কক্ষে না গিয়ে ওই ব্যক্তি ভুলবশত অন্য একটি কক্ষের দরজায় কড়া নাড়েন। এতে সেখানে থাকা শিক্ষার্থীদের সন্দেহ হলে তারা তার সঙ্গে কথা বলেন এবং মোবাইল ফোনে থাকা কথোপকথন যাচাই করে বিষয়টি হল প্রশাসনকে জানান।
পরে হল প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষার্থী ও বহিরাগত ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।