
হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কুড়িগ্রামের ফুলবাড়ীতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভিযোগ, বিএনপির ছাত্রদল, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলা সদরে এ ঘটনা ঘটে। আহতদের ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন জেলা যুবশক্তির সিনিয়র সেক্রেটারি জেনারেল তাওহীদ হাসান, ফুলবাড়ী উপজেলা যুবশক্তির সিনিয়র সদস্যসচিব রাজু, জেলা যুবশক্তির আহ্বায়ক জাহিদ হাসান, জেলা আহ্বায়ক সাদিকুর রহমান এবং নাগেশ্বরী উপজেলা যুবশক্তির সভাপতি রবিউল ইসলাম।
জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের অভিযোগ, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে ছাত্রদল, যুবদল এবং বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসে হামলা চালায়।
ফুলবাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস বলেন, হবিগঞ্জের ঘটনার প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচির সময় বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ছাত্রশক্তি, যুবশক্তি ও এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মো. মুকুল মিয়া বলেন, ‘হবিগঞ্জ ও ফুলবাড়ীতে আমাদের নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ছিল। ওই কর্মসূচিতে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের দুই শতাধিক লোকজন হামলা চালিয়ে আমাদের নেতা–কর্মীদের আহত করেছে। আমরা প্রশাসনকে এই হামলাকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
এ ঘটনায় বক্তব্য জানতে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
তবে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল দাবি করেন, ছাত্রশক্তির কর্মসূচিতে ছাত্রলীগের কর্মীরাও অংশ নিয়েছিলেন। তার ভাষ্য, ছাত্রশক্তির কর্মসূচির পাশ দিয়ে যাওয়ার সময় ছাত্রদলের কর্মী মমিনুল এনসিপির কার্যালয়ের সামনে হামলার শিকার হন। ওই ঘটনাকে কেন্দ্র করেই ছাত্রদল ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি আরও বলেন, ঘটনার মীমাংসায় জেলা নেতারা ফুলবাড়ীতে আসবেন। এছাড়া ঘটনার সময় বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকলেও বিএনপির মূল দলের কেউ সেখানে ছিলেন না।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, এনসিপির বিক্ষোভ মিছিল চলাকালে হঠাৎ বিএনপির নেতাকর্মীরা এসে হামলা চালায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও খুব অল্প সময়ের মধ্যে হামলা চালিয়ে হামলাকারীরা সরে যায়। তিনি জানান, এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।