
ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সোয়া ৯টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের সমবায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মাহিন্দ্রার সঙ্গে ঢাকাগামী যাত্রীবাহী বরিশাল এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার দুই যাত্রী নিহত হন। এ ছাড়া মাহিন্দ্রার চালকসহ আরও চারজন আহত হন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পর ঢাকাগামী বাসটি ঘটনাস্থল ত্যাগ করে। তবে নিহত দুই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।